Site icon CPLUSBD.COM

ওসিদের আইজিপির সতর্ক বার্তা

ঢাকা ও ঢাকার বাইরের ৯০ ওসিকে সতর্ক বার্তা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে মঙ্গলবার বিকালে এক কর্মশালায় আইজিপি বলেন, থানায় কর্মরত কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সেবার মান উন্নত করা সম্ভব। এ বিষয়টি মাথায় রেখে জনগণকে অধিকতর আইনি সেবা প্রদানের জন্য বাংলাদেশ পুলিশের সব থানার ৬৯২ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পর্যায়ক্রমে বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। যা ইতিমধ্যে শুরু হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচির আওতায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবেন। প্রথমদিনের কর্মসূচিতে ঢাকা ও ঢাকার বাইরের ৯০ ওসিকে প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালায় মোট ৭টি সেশনে পিআরবি, সিডিএমএস, তথ্য সংগ্রহ, পুলিশের ইমেজ বৃদ্ধি, পুলিশ-মিডিয়া সম্পর্ক, গুজব, সাইবার ক্রাইম, নারী নির্যাতন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

আইজিপি বলেন, থানা হল পুলিশি সেবা প্রদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট। থানায় কর্মরত পুলিশ সদস্যদের জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে। বাংলাদেশ পুলিশকে গণমুখী তথা জনগণের পুলিশে পরিণত করাই এ কর্মশালার লক্ষ্য।