নিউজটি শেয়ার করুন

ওসি প্রদীপসহ ২৩ জনের বিরুদ্ধে কক্সবাজারে আরো একটি হত্যা মামলা

সিপ্লাস প্রতিবেদক: টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ২৩ জনের আদালতে আরো একটি হত্যা মামলার এজাহার দায়ের করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালত (টেকনাফ)-এ এজাহারটি দায়ের করা হয়। তবে বেলা ২টার দিকে শুনানি শেষে এজাহারটি রুজু না করে ওই ঘটনায় অন্য কোনো হত্যা মামলা দায়ের হয়েছে কিনা তা জানাতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহারে এসআই দীপককে প্রধান ও বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে ২ নং এবং মোট ২৩ জনকে আসামি করা হয়। এর মধ্যে ১৮ জন পুলিশ সদস্য। বাকি পাঁচ জন চৌকিদারসহ স্থানীয় লোকজন।

মামলার আবেদনে উল্লেখ করা হয়, টেকনাফের মাহমুদুর রহমান নামে এক প্রবাসী থেকে ১০ লাখ টাকা দাবি করে পাঁচ লাখ টাকা নিয়ে আরো পাঁচ লাখ টাকা না দেয়ায় ক্রসফায়ারের নামে তাকে হত্যা করা হয়। মামলার এজাহারে ওসি প্রদীপসহ ২৩ জনকে আসামি করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী ইনসাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইনসাফুর রহমান জানান, গত ২৮ ফেব্রুয়ারি টেকনাফ মৌলভীপাড়া আলী আকবর পাড়ার মিয়া হোসেনের পুত্র প্রবাসী মাহমুদুর রহমানকে থানার এসআই দীপকের নেতৃত্বে একদল পুলিশ আটক করে নিয়ে যায়। পরে দীপক ও ওসি প্রদীপ কুমার দাশ ক্রসফায়ার না দেওয়ার শর্তে প্রবাসীর পরিবারের লোকজন থেকে ১০ লাখ টাকা দাবি করেন। পরিবার নিরূপায় হয়ে পাঁচ লাখ টাকা দেয়। কিন্তু আরো পাঁচ লাখ টাকা দাবি করে পুলিশ। দাবির পাঁচ লাখ টাকা না দেওয়ায় ৩১ ফেব্রুয়ারি রাতে ক্রসফায়ারের নামে প্রবাসী মাহমুদুর রহমানকে হত্যা করা হয়।