কক্সবাজার প্রতিনিধি: মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের অন্যতম সহযোগী কনস্টেবল রুবেল শর্মাকে গ্রেফতার করেছে র্যাব।
(সোমবার) দুপুরে র্যাবের পক্ষ থেকে তাকে গ্রেফতারের কথা জানানো হয়েছে। রুবেল শর্মা ছিলেন প্রদীপ কুমার দাশের দেহরক্ষী।
এর আগে, মাদক কারবারিদের ক্রসফায়ারের ভয় দেখিয়ে ও আত্মসমর্পণ করানোর নামে হাতিয়ে নেয়া অর্থ সরাতে গিয়ে ধরা পড়েছেন কনস্টেবল রুবেল শর্মার স্ত্রী লক্ষ্মী শর্মা।
৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ব্যাগে করে টাকা পাচার করতে গিয়ে মেরিন ড্রাইভ সড়কের একটি চেকপোস্টে তিনি ধরা পড়েন।
গত ৩১ জুলাই রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান।
৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌসী বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে এসআই লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাসসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় ৯ পুলিশ সদস্যকেই বরখাস্ত করা হয়। মামলাটি তদন্ত করছে কক্সবাজার র্যাব-১৫।

