নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের ঈদগাঁহতে এক্সেবেটর ও মাটি ভর্তি ৩ ডাম্পার আটক

কক্সবাজারে ঈদগাঁহ-ইসলামাবাদ এলাকায় বনবিভাগের পাহাড় কেটে পাচার কালে মাটি ভর্তি তিনটি ডাম্পার (মিনি ট্রাক ) ও পাহাড় কাটায় ব্যবহৃত একটি এক্সেবেটর জব্দ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাত ১০টার দিকে সহকারী বন সংরক্ষক (সদর) মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে বিশেষ টহল দল ও বনকর্মীরা এ অভিযান চালায়।

জানা গেছে, কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁহ রেঞ্জাধীন ভোমরিয়াঘোনা বিটের অধীনে ইসলামাবাদের ডুলাফকির মাজার গেইট এলাকায় এক্সেবেটর দিয়ে নির্বিচারে পাহাড় কেটে মাটি পাচার করে আসছিল একটি সংঘবদ্ধ প্রভাবশালী চক্র।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তহিদুল ইসলামের নির্দেশে সহকারী বন সংরক্ষক (সদর) মোহাম্মদ সোহেল রানার সার্বিক তত্ত্বাবধানে বিশেষ টহল দল ও বনকর্মীরা সদরের ইসলামাবাদের ডুলাফকির মাজার গেইট এলাকায় ঝটিকা অভিযান চালায়। এসময় বনবিভাগের পাহাড় কেটে পাচারের সময় ঘটনাস্থল থেকে মাটি ভর্তি ৩টি ডাম্পার (মিনি ট্রাক), পাহাড় কাটায় নিয়োজিত একটি এক্সেবেটর জব্দ করা হয়। পাহাড় কাটায় নিয়োজিত ও জব্দকৃত এক্সেবেটরটির মালিক ইসলামাবাদের খোদাই বাড়ি এলাকার মোহাম্মদ রাশেদের বলে বনবিভাগ সূত্র জানায়।

তবে পাহাড় কাটায় জড়িতরা ও গাড়ির চালক হেলফার কৌশলে পালিয়ে যায়।ডাম্পারগুলোর মালিক কারা জানা যায়নি। অভিযানে আরো অংশ নেন, ঈদগাঁহ রেঞ্জ হাফিজুর রহমান, বিশেষ টহল দলের ওসি ও সদর রেঞ্জ কর্মকর্তা ইমদাদুল হক, ডুলাহাজারা বনবিট কর্মকর্তাসহ একদল বনকর্মী।

বনবিভাগের বিশেষ টহল দলের ওসি ও সদর রেঞ্জ কর্মকর্তা ইমদাদুল হক জানান, পাহাড় কর্তনের সময় আটক ৩টি ডাম্পার, মাটি কাটায় ব্যবহৃত একটি এক্সেবেটর ভোমরিয়াঘোনা বনবিট হেফাজতে রাখা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।