কক্সবাজার সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন চেয়ে সংবাদ সম্মেলন করেছে অভিভাবকরা।
রোববার(২৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় বৃহত্তর ঈদগাঁহ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অভিভাবকদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মাহমুদুল করিম গুন্নু নামের এক অভিভাবক।
লিখিত বক্তব্যে বলা হয়, ঐতিহ্যবাহী ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের আসন্ন ম্যানেজিং কমিটির নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় আজকের প্রেস ব্রিফিং। আমরা কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক হই।
দুঃখের বিষয় এই যে ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জন্নাত ২০১০ সালে দায়িত্ব গ্রহনের পর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের কোন তপশীল কখনো আমরা অভিভাবকদের জানার সুযোগ দেননি। প্রতিবারই তিনি নিজের অনুগত লোকদের নিয়ে অতি সংগোপনে পছন্দের কমিটি গঠন করেছেন।
ফলে আমরা প্রকৃত অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছি। প্রতিষ্ঠানটিও যোগ্য নেতৃত্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে। বিদ্যালয়ের আসন্ন ম্যানেজিং কমিটি গঠন কার্যেও প্রধান শিক্ষক ব্যাপক কারচুপি ও লুকোচুরির পাঁয়তারা করছেন। এবারও আমরা প্রকৃত অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবার সমূহ আশংকা করছি। পাশাপাশি আমরা আগ্রহী ও সচেতন অভিভাবকবৃন্দ ম্যানেজিং কমিটির অভিভাবক ক্যাটাগরীতে নির্বাচনের সুযোগ থেকেও বঞ্চিত হতে যাচ্ছি।
এমন হলে আমরা অভিভাবকবৃন্দ দূর্বার আন্দোলন গড়ে তুলব। এমতাবস্থায় ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সংশ্লিষ্ট সকলের জ্ঞাতসারে, উৎসব মুখর ও অংশ গ্রহনমূলক পরিবেশে অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি।
এ সময় অর্ধ শতাধিকেরও অধিক সচেতন অভিভাবকগন উপস্থিত ছিলেন।








