Site icon CPLUSBD.COM

কক্সবাজারের উখিয়া থেকে হিযবুত তাহরীরের আইটি বিশেষজ্ঞ আটক

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাহরীরের আইটি বিশেষজ্ঞ এইচ এম মেহেদী হাসান রানাকে (৩০) আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (১৯ মে) দিনগত রাতে উখিয়া থানার পালংখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দু’টি সিমকার্ড ও তিন রকমের সাতটি হিযবুত তাহরীরের লিফলেট জব্দ করা হয়।
এটিইউর সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন জানান, আটক মেহেদী ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। বর্তমানে তিনি ব্র্যাকে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার হিসেবে তিন বছর ধরে কর্মরত আছেন।
তিনি হিযবুত তাহরীরের আইটি শাখায় দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। হিযবুত তাহরীরের অনলাইন সম্মেলন ও প্রচারণায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অনলাইন মিডিয়ায় কথিত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে হিযবুত তাহরীরের বিভিন্ন প্রচার প্রচারণাসহ অন্যান্য সদস্যদের মুক্তির জন্যও সে চেষ্টা করে আসছিলেন।
বর্তমান গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে দেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার দায়ে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।