নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের এক সার্ভেয়ারের জামিন চেম্বার আদালতে স্থগিত

সিপ্লাস প্রতিবেদক: প্রায় কোটি টাকার দুর্নীতি মামলায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার মো. ওয়াসিম খানকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।

জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. নূরুজ্জামানের ভার্চুয়াল চেম্বার আদালত এ আদেশ দেয়।

দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান; ওয়াসিম খানের আইনজীবী এ এম আমিন উদ্দিন।

পরে খুরশীদ আলম খান পরে বলেন, “গত ৬ জুলাই হাই কোর্ট থেকে জামিন পেয়েছিলেন ওয়াসিম। পরে ওই জামিন আদেশটি স্থগিত চেয়ে দুদক আবেদন করে। শুনানির পর মাননীয় চেম্বার বিচারপতি নিয়মিত আদালত চালু হওয়া পর্যন্ত জামিন স্থগিত করেছেন।”

গত ১৯ ফেব্রুয়ারি কক্সবাজার সদর থানা বাস টার্মিনাল এলাকায় ঘুষের টাকাসহ জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার মো. ওয়াসিম খাকে (৩৭) আটক করে র‌্যাব।

ঘটনাস্থল থেকে ৬৬ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা ও পরে ওয়াসিম খানের স্বীকারোক্তি অনুযায়ী আরও ২৬ লাখ ৮৪ হাজার ৬০০ টাকা জব্দ করে র‌্যাব।

এঘটনায় গত ১০ মার্চ মঙ্গলবার ওয়াসিমের সঙ্গে সার্ভেয়ার ফেরদৌস খান (৩৬) এবং ফরিদ উদ্দিনের (৩৬) বিরুদ্ধে ৯৩ লাখ ৬০ হাজার ১৫০ টাকার দুর্নীতির অভিযোগ এনে মামলা করে দুদক।

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের টাকা উঠিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এই ঘুষ তারা নেন বলে মামলায় উল্লেখ করা হয়।