Site icon CPLUSBD.COM

কক্সবাজারের চৌফলদন্ডীতে খাস জমির উপর স্থাপনা নির্মাণ!

কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে এসিল্যান্ডের নির্দেশ অমান্য করে সরকারি খাস জমির উপর রাতারাতি স্থাপনা নির্মাণের খবর পাওয়া গেছে।

স্থানীয় প্রভাবশালী সাবেক এক জনপ্রতিনিধির ভাই এই দখল কাজে জড়িত বলে জানা গেছে। তাদের ভয়ে কেউ মুখ খোলার সাহস না করলেও গোপনে তৎকালীন সদর ভূমি কর্মকর্তাকে অবগত করলে তিনি তাৎক্ষণিক কাজ বন্ধ করে দেন এবং সরকারি জমিতে কোন ধরনের স্থাপনা নির্মাণ না করতে বারন করেন।

খোঁজ খবর নিয়ে জানা যায়, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে সরকারী খাস জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে সাবেক এক চেয়ারম্যানের ভাই বজল আহমদের ছেলে মৌলভী লোকমান হাকিম নামের এক ব্যক্তি। পরিষদ সংলগ্ন পানি যাতায়াতের ড্রেন ভেঙ্গে স্থাপনা নির্মাণ করায় স্থানীয়দের মধ্যে চাপাক্ষোভ বিরাজ করছে।

সরেজমিন গিয়ে আরও দেখা যায়, সরকারী ঐ জমির উপর দোকান নির্মাণ কাজ প্রায় শেষের পথে। সদর ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরতিহীন ভাবে কাজ চলছে। স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়,যে জায়গায় দোকান নির্মাণ করা হয়েছে তা সরকারী জমি। উক্ত জায়গায় টি বাজারের একমাত্র খালি জমি। ওখান থেকে বিকল্প সড়ক হিসেবে গাড়ি চলাচল করত। দোকান নির্মাণকারী ব্যক্তি ড্রেন এবং রাস্তা নষ্ট করে দোকান নির্মাণ করেছে।

চৌফলদন্ডী বাজার ব্যবসায়ী কমিটির সাবেক এক নেতা এবং বর্তমান ইউ,পি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সাবেক চেয়ারম্যান নুরচ্ছবিহ ক্ষমতায় থাকাকালীন সময়ে অপরাপর দখলদারদের উচ্ছেদ করে নিজেই জমি দখল করে দোকান নির্মাণ করেছেন। তাদের দখল দারিত্বের কারণে চৌফলদন্ডী বাজারের উন্নয়নে তিন তলা বিশিষ্ট একটা ভবন সরকারীভাবে অনুমোদন হওয়ার পরও নির্মাণ করা যাচ্ছে না।

এ বিষয়ে উক্ত ইউপি সদস্য এবং বাজারের সর্বস্থরের ব্যবসায়ীরা সদর ভূমি কর্মকর্তার দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

অভিযুক্ত মৌলভী লোকমান হাকিমের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে পাওয়া গেলে গুরুত্ব সহকারে ছাপানো হবে।

এ ব্যাপারে জানতে কক্সবাজার সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মুঃ শাহরিয়ার মুক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যতই প্রভাবশালী হোক না কেন সরকারি খাস জমির উপর কাউকে স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। বিষয়টি এতদিন তার নজরে ছিল না। খুব শ্রীঘ্রই ঘটনাস্থলে গিয়ে যাচাই বাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।