নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে নারী মাদক কারবারী নিহত

কক্সবাজারের টেকনাফের পুলিশের সঙ্গে ‘কথিত’ বন্দুকযুদ্ধে সমুদা বেগম (৪০) নামে এক নারী মাদক কারবারি নিহত হয়েছে।

এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

রবিবার (৫ জানুয়ারি) ভোর রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী লবণের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত সমুদা বেগম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘড়িয়া পাড়ায়। আহত পুলিশ সদস্যরা হলেন, টেকনাফ থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান, কনেস্টেবল রুবেল, রাসেল ও হাবিব।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, রবিবার ভোর রাতে একদল পুলিশ টেকনাফের খারাংখালী লবণের মাঠ দিয়ে ইয়াবা পাচারের খবর পেয়ে সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে পুলিশ সদস্যরা আহত হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নারী মাদক কারবারীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাদক ব্যবসায়ী ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।