কক্সবাজার সদরের ভারুয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসত বাড়ি ভস্মীভূত হয়েছে। এ সময় আরেফা আক্তার নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
২৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে ইউনিয়নের পশ্চিম ঘোনা পাড়া এলাকার মকবুল আহমদ চেরাং এর বসত বাড়িতে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন ফায়ার সার্ভিসের লোকজন ও ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ। মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় আলী আহমদের স্ত্রী গৃহকর্মী আরেফা আক্তার রাতের রান্না তৈরি করার জন্য রান্নাঘরে যায়। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় আরেফা আক্তার। তৎসময় আরেফার গায়ে আগুন লেগে গেলে শোরচিৎকার করে। প্রতিবেশীরা এগিয়ে এসে আরেফা আক্তারকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ততক্ষণে পুরো বাড়ি ভষ্মিভূত হয়ে সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়।
এসময় ৩/৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন ভুক্তভোগি পরিবার। স্থানীয় ওয়ার্ড মেম্বার সিরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই কাজী আবুল বাসারকে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে তাকে।








