Site icon CPLUSBD.COM

কক্সবাজারের সৌদি নাগরিকের মৃতদেহ উদ্ধার, আটক ৪

কক্সবাজারের ঈদগাঁহ বাসস্ট্যান্ড এলাকার এক ভাড়া বাসার ৫ম তলার ছাঁদের আলাদা রুম থেকে মোহাম্মদ হাসান (৩৫) নামের এক সৌদি নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৩ জানুয়ারী সোমবার বেলা ১১ টার দিকে তার মৃতদেহ জনৈক শামশুল আলমের ৫তলার ছাঁদ থেকে উদ্ধার করেন বলে জানান পুলিশ। মোহাম্মদ হাসান সৌদি আরবের মৃত আবদুল হামিদ প্রকাশ এবাদুল্লাহর ছেলে।

পুলিশ জানিয়েছেন, হাসান বিগত ১ বছর আগে পূর্ব পরিচিতির সুবাদে সদরের জালালাবাদ ইউনিয়নের পুর্ব মিয়াজী পাড়া এলাকার মৃত নুরুল কবিরের ছেলে বজলুর রশিদের বাড়িতে আসে। সেখানে ৩/৪ মাস অবস্থান করার পর আলাদা রুম নিয়ে উল্লেখিত ভবনে উঠে। সেখানে ৬ মাস যাবত বসবাস করে আসছিল। ইত্যবসরে সোমবার স্থানীয় লোকজন মারফত খবর পেয়ে ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আসাদুজ্জামানের নির্দেশে এসআই কাজী আবুল বাসার, এএসআই বিলাস সরকারসহ একদল ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরহতাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন।

এ সময় জিজ্ঞাসাবাদের জন্য হাসানের নিকটআত্বীয় সৌদি নাগরিক বর্তমানে লিংক রোডের অবস্থানরত মৃত হাসানের ছেলে শমির, হুমায়ুন, মাজেদ ও চৌফলদন্ডী মাইজপাড়া এলাকার ফয়সাল নামের আরেক যুবককে তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তবে তারা মৃত্যুর সংবাদ শুনে হাসানের ভাড়া বাসায় তাকে দেখতে আসছিল বলে স্বীকার করেন পুলিশ।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে লাশ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এসআই কাজী আবুল বাসার বলেন, ধৃত ফয়সাল মৃত হাসানের সাথে প্রায় সময় চলাফেরা করত। রাতে তার সাথে রুমে ছিল কি না জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত হাসানের শাশুড় বাড়ি টেকনাফের হোয়াইক্ষ্যং এলাকায় হলেও স্ত্রী পুত্র সন্তান নিয়ে সৌদি আরবে থাকেন। পুলিশের ধারণা মৃত হাসান সৌদি আরবে কোন অপকর্ম করে ধৃত হয়ে বাংলাদেশে চলে আসছিল। মৃতদেহ উদ্ধারের সময় মুখ বাঁকা এবং দাঁতের মাড়িতে হালকা রক্ত দেখা গেছে।

এসআই আবুল বাসার আরো জানান, প্রাথমিকভাবে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে স্ট্রোক করে মৃত্যু বরণ করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত হাসানের পক্ষে কেউ মামলা অভিযোগ করলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।