কক্সবাজার প্রতিনিধি: করোনা ভাইরাসের পরিস্থিতিতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে। ইতোমধ্যে চলাচলের রাস্তায় মজুদ করা হয়েছে ইট, বালি, কংকর ইত্যাদি নির্মাণ সামগ্রী। যে কারণে চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা বারণ করলেও পাত্তা দিচ্ছেনা নির্মাণকারী ব্যক্তি। গত কয়েকদিন ধরে শ্রমিক সমাবেশ ঘটিয়ে হরদম কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের নাপ্পাঞ্জাপাড়ায় মৃত ওমর সুলতানের বাড়ি প্রকাশ মহেশখালীর বাড়িতে (সিঙ্গারের পেছনের গলি) সোমবার ভোর থেকে ১০/১২ জনের মতো শ্রমিক কাজ করতে দেখা গেছে।
এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার বলেন, করোনার পরিস্থিতিতে সোজা লকডাউন এবং জনগণকে ঘরে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। জনসমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ প্রচারণা চালাচ্ছে। তবু যারা নির্দেশনা অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বহুতল ভবন নির্মাণ কাজের বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন এডিসি।

