কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার পালংখালী বাজার এলাকায় কাভার্ডভ্যান উল্টে হূমাইরা নূর সাখী (১৮) নামে কলেজছাত্রী নিহত হয়েছেন। বুধবার (০২ অক্টোবর) দিনগত রাত সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান উল্টে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার উপর পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় এর ভেতরে থাকা এক কলেজছাত্রী ঘটনাস্থলেই নিহত হন। সিএনজির ভেতর থেকে আরও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, নিহত সাখী হোয়াইক্যং মিনাবাজার এলাকার মৌলভী আবুল বশরের বড় মেয়ে। সে কক্সবাজার সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী ।








