কক্সবাজার প্রতিনিধি: হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে ইঞ্জিনচালিত বোট উল্টে মারা গেছেন এক মাছ ব্যবসায়ী। মোহাম্মদ শাহ আলম (৩৫) নামের ওই ব্যবসায়ী কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবদুল গফুর। ওই সময় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন হলেন কাদের সিদ্দিকী। অন্যজনের নাম জানা যায়নি। শাহআলমের কোন সন্তান নেই। শুধুমাত্র তার ঘরে স্ত্রী রয়েছেন। শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে বঙ্গোপসাগরের সোনাদিয়া উপকূলের কাছে তাদের বোটটি উল্টে যায়। বোটে থাকা ৩ জন সাগরে পড়ে গেলেও দুইজনকে জীবিত উদ্ধার করা গেলেও শাহ আলমকে জীবিত উদ্ধার করা যায়নি।
পারিবারিক সুত্র জানিয়েছেন, শাহ আলম ও তার দুই ব্যবসায়ী বন্ধু শনিবার সকাল ১০টার দিকে ইঞ্জিনচালিত বোট নিয়ে উত্তর নুনিয়াছড়ার বাঁকখালী খাল থেকে মাছ কিনতে সাগরে যান। বিকেল সাড়ে ৩টায় বজ্রসহ ঝড়ো হাওয়া শুরু হলে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের কাছে তাদের বোটটি উল্টে যায়। পরে ঝড়ো হাওয়া থেমে গেলে অন্য ট্রলারের লোকজন শাহ আলমকে মৃত ও অন্য দুইজনকে জীবিত উদ্ধার করেন। বিকেল ৫টার দিকে শাহ আলমের লাশ উত্তর নুনিয়াছড়ায় নিজের বাড়িতে নিয়ে আসা হয়েছে।








