কক্সবাজার ব্যুরো: বিভিন্ন হয়রানি ও অনর্থক জরিমানা আদায় বন্ধের দাবীতে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন কক্সবাজার এলপিজি ব্যবসায়ী সমিতি।
বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) সকাল ১১ থেকে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করছেন তারা।
এ সময় বক্তারা বলেন, একটা গ্যাস সিলিন্ডারের পেছনে চট্টগ্রাম আনাসহ খরচ পড়ে ৬৮০ টাকা দরে। এরপর ডেলিভারি খরচসহ তা দাঁড়ায় ৭৫০ টাকা পর্যন্ত। এছাড়াও বিভিন্ন খরচ রয়েছে। কিন্তু, এরপরও ম্যাজিস্ট্রেট আমাদের ৬০০ টাকা দরে গ্যাস বিক্রি করতে বাধ্য করছে। যা আমাদের ব্যবসা বন্ধ করে দিয়ে ঘরে বসে থাকার শামিল।
বক্তারা আরো বলেন, এখন করোনাকাল চলছে। আমরা করোনার শুরু থেকে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের মাঝে গ্যাস সরবরাহ দিয়ে আসছি৷ আমরা ইচ্ছে করলে দাম বৃদ্ধি করতে পারতাম। কিন্তু, একটা দিনের জন্যও আমরা কোনো প্রকার দাম বৃদ্ধি করিনি। সমিতির পক্ষ থেকে সবাইকে এই নির্দেশনা দেওয়া হয়েছিলো। কিন্তু, এরপরও ম্যাজিস্ট্রেট এমরান হোসাইনের অহেতুক হয়রানি কাম্য নয়। আমরা অবিলম্বে ব্যবসায়ীদের উপর হয়রানি বন্ধ ও ম্যাজিস্ট্রেট এমরান হোসাইনের প্রত্যাহার দাবি করছি।
এ সময় তারা দাবি আদায় না হলে ধর্মঘট অব্যাহত রাখাসহ কঠোর কর্মসূচী পালন করা হবে বলে হুশিয়ারী দেন।
সংগঠনের সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ তোফায়েল, নুর মুহাম্মদ আলী চৌধুরী, আলিম উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম আরিফ লিটন, তারিকুল ইসলাম শামিম, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।








