কক্সবাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ থেকে আসা আলোচিত লোক (অনেকের ভাষ্য মতে, পাগল) জুবাইরের শরীরে করোনা ভাইরাস আছে কিনা- তা পরীক্ষা করতে ‘নমুনা’ সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুুপরে কক্সবাজার সদরের ইসলামপুরের নতুন অফিস বাজারের উত্তর পার্শে (ডা: আব্দুল কুদ্দুস মাখনের বাড়ির সামনে) তাকে ধরে বেঁধে নমুনা সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা অফিসের একটি টিম। ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও ওয়ার্ডের সদস্য আবদুশ শুক্কুর এ সংবাদ নিশ্চিত করেছেন।
মেডিকেল টিমে ছিলেন -কক্সবাজার জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ইলিয়াস আহমদ খান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের (ইপিআই সেন্টার) মেডিকেল টেকনোলজিস্ট মোঃ বাবুল আক্তার, বাঁশকাটা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মুঃ শওকত আলম ও নাপিতখালী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোহাম্মদ সাদেক।
ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, নারায়নগঞ্জ থেকে লবণবাহী ট্রাকের সাথে আসা এক ব্যক্তিকে গত সোমবার ইসলামপুর বাজারের রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তাকে ‘করোনা রোগি’ সন্দেহ করে অনেকেই। পরে স্থানীয় লোকজন তাকে রিক্সাতে তুলে দেয়। এরপর থেকে পুরো ইউনিয়নে হৈচৈ পড়ে যায়।
এ নিয়ে ফেসবুকে বেশ লেখালেখিও হয়েছে। চেয়ারম্যান বলেন- কথাবার্তা, চালচলন, আচার ব্যবহারে লোকটি পাগল মনে হয়েছে। বিষয়টি তাৎক্ষণিক প্রশাসনকে জানিয়েছি। মঙ্গলবার সকালেও তাকে নতুন অফিস বাজারসহ বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করতে দেখে স্থানীয়রা। পরে স্বাস্থ্য বিভাগের লোকজন এসে তার ‘নমুনা, সংগ্রহ করেছেন।

