উখিয়া প্রতিনিধি: কক্সবাজারে উখিয়া ও টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
রবিবার (১২ সেপ্টেম্বর) ভোরে এই ঘটনা ঘটে।
কক্সবাজার ৩৪ বিজিবি সুত্রে জানা গেছে, উখিয়ার রেজুআমতলী সীমান্তে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ শাহজাহান (২৭) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।
নিহত শাহজাহান উখিয়া সদরের ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের অন্তত ১০টি মামলা রয়েছে।
অপরদিকে, টেকনাফে ২ বিজিবির সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি।
৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, রবিবার ভোরে উখিয়ার রেজুআমতলী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান প্রবেশ করবে এমন সংবাদে টহল জোরদার করে বিজিবি। টহরত বিজিবি সদস্যরা ৪-৫ জনের একটি দল প্রবেশের চেষ্টাকালে তাদের থামানোর সংকেত দেয়। কিন্তু তারা না থেমে বিজিবির অবস্থান ঠিক পেয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শাহজাহানের মরদেহ ও অস্ত্র, ইয়াবা উদ্ধার করা হয়।








