সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ ৪ নারী-পুরুষকে আটক করেছে টেকনাফ ২ বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- টেকনাফ সদর ইউপি মধ্যম গোদারবিল এলাকার মো. আলী আহমদের ছেলে মো. জিহাবুল (২৪), হ্নীলা ইউপি জাদিমোরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৬ এর বাসিন্দা মৃত সাকেরের ছেলে মো. রবিউল আলম (২০), টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া এলাকার মো. নুর ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (২৮), মো. মনির আহমদের স্ত্রী হাসিনা বেগম (৩৫)।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবা পাচার করার সময় চার মাদক পাচারকারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।








