নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি:  ৮ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে ধরা পড়লো নুরুল আমিন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ী।

মঙ্গলবার(২১জুলাই) বিকালে কক্সবাজারের উখিয়া বালুখালী পানবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত কালুর ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কতিপয় মাদক ব্যবসায়ী বালুখালী দাখিল মাদ্রাসা ও এতিমখানার গেইটের সামনে কক্সবাজার-টেকনাফ পাঁকা রাস্তার পশ্চিম পার্শ্বে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে, তারা এমন সংবাদ পায়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি চৌকশ আভিযানিক দল ওই স্থানে পৌঁছালে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী নুরুল আমিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে সর্বমোট ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। গ্রেফতার আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।