নিউজটি শেয়ার করুন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কে হচ্ছেন চেয়ারম্যান?

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফোরকান আহমদের আগস্টে মেয়াদ শেষ। এর আগেই নিয়োগ দেওয়া হবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান।

কে হবেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান তানিয়ে সর্বত্র আলোচনা চলছে। কউক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেতে চেষ্টা তদবির করছেন জেলার আওয়ামী ঘরানার অনেক নেতা।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা। পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তার একটি বিশেষ ইমেজ রয়েছে সব মহলে।

এছাড়াও কউকের বর্তমান চেয়ারম্যান লেঃ কর্নেল (অব.) ফোরকান আহমদও পূন:নিয়োগ পেতে জোর তদবির চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি কউক চেয়ারম্যান পদে কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম এবং কক্সবাজারের সামাজিক ও সাংকৃতিক আন্দোলনের নেতা ও জনপ্রিয় সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেলের নামও শোনা যাচ্ছে।

কক্সবাজার নাগরিক কমিটির নেতা নজরুল ইসলাম বলেন, ৪ বছর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের গঠিত হলেও দৃশ্যমান কোনো কাজ হয়নি। কক্সবাজারের প্রধান সড়কটি সম্প্রসারণের কাজ করার দায়িত্ব নিয়েছে কউক। কিন্তু গত ২ বছরে সড়কের কাজই শুরু করতে পারেনি। যার ফলে দেশের প্রধান পর্যটন শহরের সড়কের বেহাল অবস্থা।

কক্সবাজার পরিবেশ আন্দোলনের নেতা সরওয়ার আজম মানিক বলেন, বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় শহর করতে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের ভূমিকা অনেক বেশি। তাই কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান হতে হবে সৃষ্টিশীল ও আধুনিক। তিনি আশা করেন নতুন কউক চেয়ারম্যান কক্সবাজারকে দৃষ্টিনন্দনভাবে সাজাবেন। ২০১৫ সালে পরিকল্পিত নগরায়নের মাধ্যমে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা নেওয়া হয়। আর তা বাস্তবায়নে জাতীয় সংসদে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৬’ পাস হয়েছে।