সিপ্লাস প্রতিবেদক:প্রায় দুই মাস বন্ধ থাকার পর কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে প্রথম বিমান অবতরণের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা স্বাভাবিক হয়।
দুপুরেই ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করবে বিমান। একই এয়ারলাইন্সের আরো দুটি বিমান বিকেলে কক্সবাজার আসার কথা রয়েছে। সন্ধ্যায় এগুলো আবার ঢাকা ফিরে যাবে।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক আল আমিন ফারুক জানান, দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পর মঙ্গলবার (১ জুন মে) থেকে আবারও শুরু হয়েছে কক্সবাজার বিমানবন্দরে বিমান চলাচল। সকাল সাড়ে ৯টায় বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা ও নভোএয়ারের দুইটি ফ্লাইট ঢাকা থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের পথে আকাশে উড়ার কথা থাকলেও সাড়ে ১০টার দিকে বিমান ২টি ঢাকার রানওয়ে ছেড়েছে। সাড়ে ১১টার দিকে বিমানগুলো কক্সবাজার অবতরণ করে।
বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা সূত্র জানায়, আবারো কক্সবাজার বিমানবন্দরের সঙ্গে বিমান যোগাযোগ শুরুর অনুমতি পেয়ে ১ জুন থেকে ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিট ও বিকেল ৩টা ৩০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ঢাকা থেকে এবং কক্সবাজার থেকে বেলা ১১টা ৫ মিনিট ও বিকেল ৫টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে তাদের ফ্লাইটগুলো।
নভোএয়ার সূত্র জানায়, ঢাকা থেকে সকাল সাড়ে ৯টা ও বিকেল ৩টা এবং কক্সবাজার থেকে বেলা ১১টা ৫ মিনিট ও বিকেল ৪টা ৩৫ মিনিটে প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করবে তারা।
এর আগে সোমবার (৩১ মে) কক্সবাজার বিমানবন্দরে বিমান ওঠা-নামার অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সব ধরনের স্বাস্থ্য সতর্কতা মেনে ফ্লাইট পরিচালনার নির্দেশ দেয় বেবিচক।








