কর্ণফুলী প্রতিনিধি: করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে। কাজ না থাকায় বিপাকে রয়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা।
এমন পরিস্থিতিতে কর্ণফুলী উপজেলাধীন শিকলবাহাস্থ রিভারভিউ কমিউনিটি সেন্টারের প্রোপ্রাইটর হাজী আব্দুস ছালাম তাঁর ব্যক্তিগত উদ্যোগে ১ হাজার দুস্থ ও অবহেলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
করোনা পরিস্থিতির শিকার উপজেলার এমন কর্মহীন, গৃহবন্দী এক হাজার পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ( চাল ১০ কেজি, ডাল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, আলু ১ কেজি, ছোলা ২ কেজি, চিড়া ১ কেজি ও তেল) উপহার হিসেবে বিতরণ করেন।
প্রথমধাপে যেসব পরিবার খুব বেশি অভুক্ত রয়েছেন তাদের তালিকা করে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যপণ্য উপহার দেয়া হয়। পর্যায়ক্রমে আরও কয়েক শতাধিক পরিবারকে দেয়া হবে জানান।
এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করতে করোনা প্রতিরোধে মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে রিভারভিউ কমিউনিটি সেন্টারের মালিক হাজী আব্দুস ছালাম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।
গণমাধ্যমের সাথে কথা হলে বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুস ছালাম বলেন, ‘করোনা সংকটে নিজের বিবেকের তাগিদে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। ধারাবাহিকতায় অামি নিজ উদ্যোগে আরো খাদ্য সামগ্রী বিতরণ করব (ইনশাল্লাহ)। যেহেতু সরকার আর্তমানবতার সেবায় মানুষের পাশে রয়েছেন। আমরাও সামর্থ্য অনুযায়ী হতদরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।’
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে জনসমাগম এড়িয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও মুখে মাস্ক পরিহিত অবস্থায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।








