নিউজটি শেয়ার করুন

করোনাভাইরাস: জ্বর মেপে ট্রেনে তোলা হচ্ছে যাত্রী

করোনা ভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের ট্রেনে ওঠার আগে ডিজিটাল থার্মোমিটার দিয়ে জ্বর মাপারও ব্যবস্থা করেছে রেলওয়ে।

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পক্ষ থেকে নানান ঘোষণা আসার পর রেলওয়েও এমন ব্যবস্থা নিলো।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান  বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এ ছাড়া ট্রেনে যাত্রী ওঠার আগে ডিজিটাল থার্মোমিটার দিয়ে জ্বরও মাপা হচ্ছে। যাদের জ্বর বেশি তাদের ভ্রমণ করতে দেওয়া হচ্ছে না।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, সোমবার (২৩ মার্চ) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আইন অমান্য করে কেউ ব্যবসা প্রতিষ্ঠান খুলছে কি-না, এজন্য অভিযান পরিচালনা করা হয়। আমরা কঠোরভাবে এ বিষয়ে তদারকি করছি। পাশাপাশি প্রতিটি ট্রেনে যাত্রী ওঠার আগে স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক আমান উল্লাহ আমান বলেন, রেলওয়ে থেকে নির্দেশনা পাওয়ার পর সব ধরনের ব্যবসা বন্ধ রাখতে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।