করোনাভাইরাসের বিস্তার এড়াতে দেশের সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাঠে ক্রিকেট ফেরার আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাস্তবিক কোনো সম্ভাবনা দেখছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এই ঘোষণা দেন বোর্ড সভাপতি।
“এর আগে আমরা তাৎক্ষণিকভাবে ঢাকা প্রিমিয়ার লিগের এক রাউন্ডের খেলা স্থগিত করেছিলাম। তবে পরিস্থিতি বিবেচনায় সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ঢাকা লিগের খেলা মাঠে ফেরার কোনো সম্ভাবনা দেখছি না।”
গত সোমবার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অন্তত ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশের ঘরোয়া সব খেলাধুলা স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তবে বিসিবি তখন শুধু ১৮ ও ১৯ মার্চের ঢাকা প্রিমিয়ার লিগের খেলা স্থগিত করে।








