সিপ্লাস ডেস্ক: মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে ভারতে শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।
মঙ্গলবার সকালে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ করা তথ্য অনুযায়ী, দেশটিতে শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৮২৭ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩ হাজার ৬০৪ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।
একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৮৭ জনের। এদের নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৯৪ জনে।
আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে মহারাষ্ট্র রাজ্য। মঙ্গলবার টানা ষষ্ঠ দিনের মতো রাজ্যটি এক হাজারেরও বেশি নতুন আক্রান্তের কথা জানিয়েছে। এদিন শনাক্ত হওয়া ১২৩০ জন নতুন আক্রান্ত নিয়ে রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৪০১ জনে দাঁড়িয়েছে। এখানে মৃতের সংখ্যা ৮৬৮ জন।
আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে গুজরাট। রাজ্যটিতে শনাক্ত হওয়া মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৪১ জন এবং মৃতের সংখ্যা ৫১৩ জন।
আক্রান্তের সংখ্যায় দিল্লিকে ছাড়িয়ে তৃতীয় স্থান উঠে এসেছে তামিল নাডু। এখানে একদিনে নতুন করে ৭৯৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এতে রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২ জনে দাঁড়িয়েছে।
চেন্নাইয়ের কোয়ামবেদু কাঁচা বাজারের অন্তত ১ হাজার ৮০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কর্তৃপক্ষের হিসাবে অন্তত ৭ হাজার ৫০০ জন এই বাজারে ভাইরাসটির সংস্পর্শে এসেছেন। এতে রাজ্যটিতে আক্রান্তের সংখ্যার উল্লম্ফন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২২ হাজার ৪৫৫ জন। রোগের সঙ্গে লড়াই করে সুস্থ হওয়ার হার ৩১ দশমিক ৭৩ শতাংশ বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
অতি সংক্রামক এই ভাইরাসটি বিস্তার ঠেকাতে ২৫ মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের মেয়াদ দুই দফা বাড়িয়ে ১৭ মে পর্যন্ত করা হয়েছিল। কিন্তু ওই সময়সীমার পর তৃতীয়বারের মতো লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছে এনডিটিভি।








