সিপ্লাস ডেস্ক: দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের মধ্যে ব্যাংক সেবা চালু থাকলেও আগামী সপ্তাহে রোববার ও বুধবার ব্যাংক বন্ধ থাকবে।
বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, কোভিড -১৯ সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট ২০২১ তারিখে সকল ব্যাংক বন্ধ থাকবে।
করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত অবস্থা সামলাতে ২৩ জুলাই থেকে যে কঠোর লকডাউন চলছে, তাতে ব্যাংকগুলো সীমিত পরিসরে সপ্তাহের পাঁচ দিনই চালু রয়েছে।
ঈদের পর ব্যাংকগুলোতে এখন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চললেও আগামী সপ্তাহে খোলার দিনে লেনদেনের সময় বাড়ানো হয়েছে।
বুধবারের নির্দেশনায় বলা হয়েছে, ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে ব্যাংকে। আর আনুসঙ্গিক কাজ সারার জন্য বিকাল ৪ টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।








