Site icon CPLUSBD.COM

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

সিপ্লাস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে দায়িত্ব পালনকালে করোনা আক্রান্ত হয়ে জীবন দিলেন পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা। দেশ ও জাতির কল্যাণে আত্মোৎসর্গকারী এ পুলিশ সদস্য হলেন সাব-ইন্সপেক্টর (এসআই) মো. মজিবুর রহমান তালুকদার (৫৬)। তিনি স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবি পল্টন জোন-১ এ কর্মরত ছিলেন।

সোমবার (১৮ মে) সকাল ৮ টা ৫১ মিনিটে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেন মো. মজিবুর রহমান তালুকদার। পুলিশ সদরদপ্তর থেকে তার মৃত্যুর এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মজিবুর রহমান তালুকদারের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার তারাকান্দি গ্রামে হলেও তিনি বগুড়া জেলার শাজাহানপুর থানার সাখপাড়া গ্রামে বসবাস করতেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

করোনাভাইরাস পজেটিভ হওয়ায় গত ১১ মে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি আজ সকাল ৮ টা ৫১ মিনিটে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেন।

পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ বগুড়া পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৯ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।