ডেস্ক প্রতিবেদক: ১৯৫৬ সাল থেকে ফ্রান্স ফুটবল মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত করে আসছিল ফুটবলারদের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মুকুট ব্যালন ডি’অর পুরষ্কারের মাধ্যমে। কিন্তু এবছর বিশ্ববাসী দেখবেনা তাদের বর্ষসেরা ফুটবলারকে।
পর্যাপ্ত অনুকূল পরিস্থিতি না থাকার কারণে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতির ফলে সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ। করোনার কারণে প্রায় চার মাস খেলা হয়নি। খেলোয়াড়রা মাঠে ফিরলেও গ্যালারিতে ছিলনা দর্শক। সব মিলিয়ে ভিন্নরকম এক ফুটবল দেখেছে বিশ্ব।
ফলে এমন একটি মৌসুমে সঠিক যাচাই-বাছাই করা সম্ভব হবে না বলে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
ফ্রান্স ফুটবলের এডিটর ইন চিফ প্যাসকেল ফেরেরা এক বিবৃতিতে বলেছেন, এই মৌসুমকে সাধারণ আর কয়েকটা মৌসুমের সঙ্গে তুলনা করতে চান না তারা। যে মানদন্ডে ফ্রান্স ফুটবল সেরা খেলোয়াড় নির্বাচিত করে থাকে সেগুলো পুরণ না হওয়ায় এবার পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছেন বলে জানিয়েছেন তিনি।
১৯৫৬ সাল থেকে ইউরোপের সেরা খেলোয়াড়কে ব্যালন ডি’ অর পুরস্কার দেয়া শুরু হয়। ১৯৯৪ সাল পর্যন্ত পুরস্কারটি শুধু ইউরোপের খেলোয়াড়দেরই প্রদান করা হতো। এর পর থেকে ইউরোপে খেলা বিশ্বের যে কোনও ফুটবলারের জন্য এটি উন্মুক্ত করে হয়।
২০০৭ সাল থেকে ইউরোপ সেরা নয়, পুরস্কারটি দেয়া হচ্ছে বিশ্বের সেরা ফুটবলারকে। তিন বছর পর ফিফার বর্ষসেরা পুরস্কার আর ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’ অর একীভূত হয়েছিল নাম দেয়া ফিফা ব্যালন ডি’ অর পুরষ্কার। যদিও ২০১৬ সাল থেকে ফিফা বর্ষসেরা আর ব্যালন ডি’অর পুরস্কার আলাদা হয়ে যায়।








