নিউজটি শেয়ার করুন

করোনা’র ঝুঁকি এড়াতে রাঙ্গুনিয়ার “পাগলা মামার” ওরশ স্থগিত

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে রাঙ্গুনিয়ার শাহ মুজিব উল্লাহ প্রকাশ পাগলা মামার ওরশ স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওরশ উদযাপন কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু।

তিনি বলেন, প্রখ্যাত বুজুর্গ ও আধ্যাত্মিক সাধক হযরত মাওলানা শাহ মুজিবুল্লাহ প্রকাশ পাগলা মামা (রহঃ)৭৯তম বার্ষিক ওরশ শুক্রবার (২০ মার্চ) অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা ঝুঁকি এড়াতে সর্বসম্মতিক্রমে তা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে তারিখ নির্ধারণ করে ওরশ পালন করা হবে। তবে ওরশ উপলক্ষে খতমে কোরআন ও মিলাদ পড়ানো হবে।

পাগলা মামা মাজার ওয়াকফ এষ্টেট পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, “বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে পবিত্র পাগলা মামা (রঃ) মাজারের ওরশ শরিফ স্থগিত করা হলো। সেখানে অবস্থানরত বহিরাগতদের ইতোমধ্যে মাজার ত্যাগ করতে বলা হয়েছে।”

করোনাভাইরাস মোকাবেলায় সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, “বাজারে জিনিসপত্র প্রয়োজন অনুযায়ী কেনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাই। আপনার অতিরিক্ত ক্রয় বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। গণজমায়েত না হতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করছি। ঘটনা যাই হোক এ সংকট মোকাবিলায় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ আপনাদের সহযোগিতায় সর্বদা পাশে থাকবে। আমরা সংকটকাল অতিক্রম করছি, এ সময় সকলের সুবিবেচনা প্রত্যাশা করি।’

প্রবাস ফেরতদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “সদ্য বিদেশফেরত ভাইদের প্রতি অনুরোধ, আপনি যেই দেশ থেকে আসুন না কেন, দয়া করে ১৪ দিন কাউকে স্পর্শ না করে আপনার সকল মালামাল নিয়ে একটি কক্ষে অবস্থান করুন। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার,সমাজ তথা আমরা সবাই সুস্থ থাকব।”