সিপ্লাস প্রতিবেদক: প্রবাসীদের টিকা নিতে হয়রানি বন্ধ করে, টিকা নেয়া সহজীকরণ করে যাবতীয় নির্দেশনা দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে প্রবাসীরা।
মঙ্গলবার (২২ জুন) সকাল ১১টার দিকে আগ্রাবাদে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে এই বিক্ষোভে প্রায় দুই হাজার প্রবাসী অংশ নেয়।
বিক্ষোভ কর্মসূচীতে বক্তারা বলেন, সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের টিকা দিচ্ছে। অথচ আমরা ঠিকমত টিকাগুলা পাচ্ছি না। প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি। আমরা সিভিল সার্জন কার্যালয়ে গেলে তারা আমাদেরকে শ্রমশক্তি ও কর্মসংস্থান অফিসে যেতে বলে। সেখানে গেলে তারা বলছে টিকার জন্য চেষ্টা চলছে, বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। তাদের এসব হয়রানিমূলক কর্মকান্ডের ফলে অনেক প্রবাসীর ভিসা ও পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। অনেকের চাকরি চলে যাচ্ছে। আইসিটি বিভাগ থেকে যদি এপসটা খুলে দেওয়া হয়, তাহলে আমরা টিকার নিবন্ধনটা করতে পারতাম। এখন এপসটাও বন্ধ রয়েছে। আমাদেরকে দুটা টিকা নিয়ে সার্টিফিকেটটা নিশ্চিত করতে হবে। তাই আমরা আজ প্রায় দুই হাজার প্রবাসী মানববন্ধন কর্মসূচি পালন করছি। তবে আমরা এখনও পর্যন্ত কারো কাছ থেকে কোন সমাধান বা সিদ্ধান্ত পাইনি।
তারা বলেন, মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি দেয়া হবে। এরপরও যদি কোন সমাধান না আসে তাহলে আমরা আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

