সিপ্লাস প্রতিবেদক: করোনার টিকা নেওয়ার বয়সসীমা আরও পাঁচ বছর কমিয়ে ৩০ বছর করার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক ডা. এবিএম খুরশিদ আলম।
সোমবার(১৯ জুলাই) তিনি গণমাধ্যমকে বলেন, টিকা নেওয়ার বয়সসীমা কমানো হয়েছে। এখন থেকে ৩০ বছরের ঊর্ধে নাগরিকরা টিকার জন্য আবেদন করতে পারবেন।
দেশে করোনা সংক্রমণের ব্যাপক বিস্তারের পাশাপাশি সিনোফার্মা ও মর্ডানাসহ কোভিড টিকার সরবরাহ বাড়তে থাকার প্রেক্ষাপটে বয়স আরও কমানোর এমন সিদ্ধান্ত এল।
গত ৫ জুলাই আগের চেয়ে পাঁচ বছর কমিয়ে টিকার নিবন্ধনের জন্য যোগ্যদের বয়স ৩৫ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর।
শুরুতে বাংলাদেশে ৪০ বছর বা এর বেশি বয়সীরা টিকার জন্য নিবন্ধনের সুযোগ পাচ্ছিলেন।
সরকার ঘোষিত বয়সসীমা অনুযায়ী যারা টিকা নেওয়ার জন্য যোগ্য শুধু তারাই সুরক্ষা প্লাটফর্মের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারছেন। অন্যদিকে অগ্রাধিকার তালিকায় থাক ব্যক্তিরা বয়সসীমার বাইরে।
দেশে গত ২৬ জানুয়ারী থেকে করোনা টিকার নিবন্ধন শুরু হয়।








