ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (০২ মার্চ) তেহরানের একটি হাসপাতালে মারা যান তিনি ।
সর্বোচ্চ নেতার উপদেষ্টা পরিষদের শীর্ষ সদস্য মোহাম্মদ মীর মোহাম্মদী (৭১)। যিনি তেহরানের হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসা নিচ্ছিলেন।
চীনের পর প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে ইরানে। দেশটির করোনাভাইরাস নিয়ন্ত্রণ কমিটির প্রধান ইরাজ হারিরসি, ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকারসহ আরও পাঁচজন এমপি সংক্রমিত হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত শুক্রবার দেশটির সংসদ সদস্য মোহাম্মদ আলী রমজানি দস্তক মারা যান।
মার্কিন সংবাদ সংস্থা এপি বলছে, ইরানে এখন পর্যন্ত ৯৭৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছেন দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটেছে অন্তত ৫৪ জনের যা চীনের বাইরে সর্বোচ্চ।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন এক হাজার ১৫০ জন। ইরানে করোনাভাইরাসে মৃত্যুর হার নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে








