সিপ্লাস ডেস্ক: করোনাভাইরাসে মৃত ব্যক্তিকে নির্ভয়ে দাফন-কাফন করা যাবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
সোমবার (৬ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনা ভাইরাসে মৃত ব্যক্তিকে নির্ভয়ে শরীয়তের নিয়ম অনুযায়ী দাফন-কাফন করুন। অন্যেরাও নির্ভয়ে নিজ নিজ ধর্মের নিয়মানুযায়ী সৎকার করুন।
বিবৃতিতে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন যে, মৃত ব্যক্তির শরীরে করোনা ভাইরাস বাঁচতে পারে না, তার বৃদ্ধিও হয় না। করোনায় মৃত ব্যক্তির শরীর থেকে অন্য কোন ব্যক্তির শরীরে প্রসারিত হয় না। মৃত ব্যক্তিকে ধর্মীয় মতে সাবান দিয়ে গোসল করালে করোনার প্রসার বন্ধ হয়।
এর আগে মহামারী করোনা ভাইরাস শনাক্তকরণের কিট তৈরির কাঁচামাল চীন থেকে দেশে এসে পৌঁছেছে জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী সময় সংবাদকে বলেন, কাঁচামাল চীন থেকে এসেছে। ব্রিটেন থেকেই আসার কথা ছিলো। সেটাও দু’য়েকদিনের মধ্যে দেশে পৌঁছবে। এই কিট দিয়ে ১৫ মিনিটে করোনা ভাইরাস পরীক্ষার ফল জানা যাবে। উৎপাদনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আগামী ১১ এপ্রিল সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিএসএমএমইউ, আইইডিসিআর, আইসিডিডিআর’বিসহ যতগুলো জায়গায় করোনা পরীক্ষা হয়, সব জায়গায় কিট দেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে পুরোদমে কিট উৎপাদন শুরু হবে।

