Site icon CPLUSBD.COM

করোনায় মৃত ব্যক্তির দাফনে রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারে স্বেচ্ছাসেবক দল গঠন ও পরিবহন সুবিধা চালু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় করোনা রোগীর সেবায় ও করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন-কাফনের জন্য বিশেষ স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে এবং চালু করা হয়েছে জরুরী পরিবহন সুবিধা।

ঐতিহ্যবাহী রাহাতিয়া দরবারের পক্ষ থেকে এই স্বেচ্ছাসেবক দল গঠন করা সহ এই জরুরী পরিবহন সেবা চালু করা হয়েছে। ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে অংশ নেওয়া অর্ধ শতাধিক যুবকের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবল দলও গঠন করা হয়েছে।

এছাড়া করোনা রোগীর পরিবহন সেবার জন্য একটি গাড়ি, মৃত ব্যক্তির পরিবহনের জন্য একটি এম্বুলেন্স এবং দাফন-কাফনে অংশ নিতে যাওয়া স্বেচ্ছাসেবক দলের যাতায়াতের জন্য আরও একটি গাড়িও প্রস্তুত রাখা হয়েছে বলে জানা যায়।

রাহাতিয়া দরবারের একটি নির্দিষ্ট নাম্বারে সাহায্য চেয়ে কেউ সহযোগিতা চাইলেই বিনামূল্যে পরিবহন সেবা সহ স্বেচ্ছাসেবক দল তড়িৎ গতিতে সাহায্যে এগিয়ে যাবে বলে জানায় দরবারের শাহজাদা সৈয়্যদ ওবাইদুল মোস্তফা নঈমী।

রাহাতীয়া দরবার শরীফের একমাত্র আধ্যাত্মিক প্রবাসী সংগঠন রেজায়ে মোস্তাফা (দঃ) প্রবাসী পরিষদ ওমান শাখার পক্ষ থেকে করোনায় মৃত ব্যক্তির দাফন-কাফন টিমের ও জরুরী রোগীর জন্য এই পরিবহন সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়া দাফন কাজে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক দলের জন্য নিরাপত্তা সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছেন এ রহমান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব কোরবান আলী।

সোমবার (১৫ জুন) দুপুরে রাহাতিয়া দরবারের এই স্বেচ্ছাসেবক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। দরবার প্রাঙ্গনে মোনাজাতের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাহাতিয়া দরবারের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়্যদ ওবাইদুল মোস্তফা নঈমী।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবদুল মাবুদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, আলহাজ্ব কোরবান আলী, রেজায়ে মোস্তফা ওমান রুই শাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমান, মো. ইউনুস হোসেন প্রমুখ।

এদিন স্বেচ্ছাসেবক দলের সদস্যদের মাঝে পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লাভসসহ নানা নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়। তবে স্বেচ্ছাসেবকদের এই কাজ সম্পন্ন করতে গিয়ে আরও নিরাপত্তা সরঞ্জামের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই কাজে সকলের সহযোগিতা চেয়েছেন তারা।