সিপ্লাস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যু ৭২ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১২ লাখ মানুষ।
তবে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সেন্টার থেকে দেয়া হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে।
দেশটিতে সুস্থ হওয়ার হার ১৫ শতাংশের কিছু বেশি আর মৃত্যুর হার প্রায় ৬ শতাংশ। অর্থাৎ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত প্রতি একশ জনের ৬ জন মারা গেছে; যা বিশ্বে করোনায় গড় মৃত্যুর হারের চেয়ে বেশি।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ব্যাপকহারে সংক্রমণ ছড়িয়েছে করোনার। সবচেয়ে নাজুক অবস্থা জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্যের। নিউইয়র্কে আক্রান্ত হিসেবে শনাক্ত ৩ লাখ ২১ হাজার রোগীর ২৫ হাজার ৭৩ জন মারা গেছে। বিশ্বের যেকোনো দেশের চেয়ে নিউইয়র্কে শনাক্ত রোগীর সংখ্যা বেশি।
নিউইয়র্কের পর সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে রয়েছে নিউ জার্সি। সেখানে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৬০০ এর বেশি। আক্রান্তদের মধ্যে ৮ হাজার ২৪৪ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া তালিকায় তৃতীয় স্থানে থাকা ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য আক্রান্ত ৭০ হাজারের প্রায় ৪১শ মারা গেছে।
নিউইয়র্ক ও নিউ জার্সির পর সংক্রমণের হিসাবে তালিকায় উপরে রয়েছে ম্যাসাচুসেটস, ইলিনয়, ক্যালিফোর্নিয়া, মিশিগান ও কানেক্টিকাট।
দেশের এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প দেশটির অর্থনীতি পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে তোড়জোর চালাচ্ছেন তিনি।








