Site icon CPLUSBD.COM

করোনায় সংকটে পড়া মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অব্যাহত

কক্সবাজার ব্যুরোঃ করোনায় সংকটে অসহায় হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অব্যাহত রেখেছে কক্সবাজার জেলা প্রশাসন।

মঙ্গলবার বিকাল ৪টায় সৈকতের লাবনী পয়েন্টে লাইফগার্ড, জেডস্কি চালক, কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাবুর্চি ও ঝাউতলা নারী কল্যাণ সমিতির মহিলা সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান ও সৈয়দ মুরাদ ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল বলেন, চলমান কঠোর লকডাউনে নানান শ্রেণী পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই এসব মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে স্বাস্থ্যবিধি মেনে কর্মহীন মানুষের মাঝে এই মানবিক সহায়তা বিতরণ করা হবে। জেলার অন্যান্য উপজেলায়ও এই কার্যক্রম চলছে।

এছাড়া কারও ঘরে যদি খাবার না থাকে হটলাইন ৩৩৩ নাম্বারে কল দিলে স্বেচ্ছাসেবকরা খাবার পৌঁছে দেবে।