Site icon CPLUSBD.COM

করোনা আক্রান্তে শতক পূর্ণ রাঙ্গুনিয়ায়

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা শতক পূর্ণ হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার লালানগর ইউনিয়নে একজনের দেহে করোনা শনাক্তের মধ্য দিয়ে শতক ছুঁয়েছে। গত ২ মে রাঙ্গুনিয়ায় প্রথম একজন নারীর দেহে করোনা শনাক্ত হয়েছিল। এরপর মাত্র ৫৪ দিনের ব্যবধানে এই সংখ্যা এখন শতকে পৌঁছেছে। শনাক্তের তালিকায় সাধারণ জনগনের পাশাপাশি ইউএনও, সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, স্বাস্থ্য কর্মকর্তা এমনকি জনপ্রতিনিধিরাও রয়েছেন। এরমধ্যে উপজেলা সদর, সরফভাটা এবং মরিয়মনগরে সংক্রমণের হার সবচেয়ে বেশি বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ও করোনাবিষয়ক ফোকাল পারসন মো. ফোরকান উদ্দিন সিকদার। এছাড়া রাঙ্গুনিয়ায় সম্প্রতি করোনা উপসর্গে অসুস্থ রোগীর সংখ্যাও বাড়ছে এমনকি করোনা উপসর্গে মারা যাওয়ার সংখ্যাও উদ্বেগ জনক। করোনায় স্বাস্থ্যবিধি মেনে না চলা, অসচেতনতার কারণেই রাঙ্গুনিয়ায় করোনা ব্যাপক হারে চড়াচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, রাঙ্গুনিয়ায় আক্রান্ত ১০০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫৭ জন, মারা গেছেন ৪ জন। বাকীদের মধ্যে হোম আইসোলেশনে আছেন ৩২ জন এবং হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৭ জন। রাঙ্গুনিয়া থেকে এখন পর্যন্ত মোট ৫৭৮ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এরমধ্যে এখন পর্যন্ত মোট প্রতিবেদন এসেছে ৪৫৩ জনের।