নিউজটি শেয়ার করুন

করোনা: ঈদে পরীক্ষা কমায় একমাসের সর্বনিম্ন শনাক্ত, বেড়েছে মৃত্যু

করোনা: ঈদে পরীক্ষা কমায় একমাসের সর্বনিম্ন শনাক্ত

সিপ্লাস ডেস্ক: কোরবানির ঈদের ছুটিতে নমুনা পরীক্ষা এক চতুর্থাংশে নেমে আসায় একদিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা এক ধাক্কায় নেমে এসেছে এক মাসের সর্বনিম্ন পর্যায়ে।

কিন্তু গত একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে এক বছরের মধ্যে সর্বোচ্চ ৩২ দশমিক ১৯ শতাংশে পৌঁছেছে।

দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩ হাজার ৬৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(২২ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে দেশে মোট ১১ লাখ ৪০ হাজার ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১৮ হাজার ৬৮৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ৬৩৯টি ল্যাবে ১১ হাজার ৪৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ২৪ হাজার ৯৭৯টি। আর ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে নমুনা পরীক্ষা করা হয় ৩৯ হাজার ৫১০টি। দুই দিনে পরীক্ষা কমে প্রায় এক চতুর্থাংশে নেমে এসেছে ঈদের দিন বুধবার।

সরকারি হিসাবে দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৮ হাজার ৫৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ৬১০ জন।