Site icon CPLUSBD.COM

করোনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বাতিল

প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বাতিল করা হয়েছে। নিরাপত্তা পরিষদের সভাপতি ঝাং জুন বৈঠক বাতিলের ঘোষণা দেন। সোমবার এক ঘোষণায় বৈঠক বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের জানান, জাতিসংঘ দফতরের এক কর্মী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্যান্য দেশের কূটনীতিকদেরও বৈঠক বাতিলের বিষয়ে জানানো হয়েছে।

করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার ভিডিও কনফারেন্স করার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের। যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ। করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাজ্য সরকার বয়স্কদের সেলফ আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে সাত হাজার ১২৫ জন। গত ২৪ ঘণ্টায় ইতালিতেই মারা গেছে ৩৪৯ জন। এরই মধ্যে বিশ্বের ১৫৮টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।