Site icon CPLUSBD.COM

করোনা থেকে মুক্তির প্রার্থনার মধ্যদিয়ে জন্মাষ্টমী উৎসব সম্পন্ন

সিপ্লাস ডেস্ক: বৈশ্বিক করোনা মহামারী হতে মুক্তির জন্য সমবেত প্রার্থনার মধ্যদিয়ে শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ-বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি আয়োজিত অনাড়ম্বরভাবে তিনদিনব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব বুধবার (১ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে।

নগরীর জেএম সেন হলে অনুষ্ঠিত উৎসবের সমাপনী দিনে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল-সেবাপূজা, রাধাগোবিন্দ ও মহাপ্রভুর বাল্যভোগ, শ্রীমদ্ভাগবত পাঠ, সন্ধ্যারতি, নামসংকীর্ত্তন ও প্রসাদ বিতরণ।

শ্রীমদ্ভাগবত পাঠ পরিবেশন করেন বৈষ্ণবপ্রবর শ্রীল মুরালী দাস গোস্বামী।

অনুষ্ঠানে ভার্চুয়াল সভাপতিত্ব করেন জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী।

এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।

স্বাগত বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন।

রতন আচার্য্যরে সঞ্চালনায় উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত কুমার বিশ্বাস (মন্টু), পরিষদ কর্মকর্তা লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, মাইকেল দে, লায়ন তপন কান্তি দাশ, হিল্লোল সেন উজ্জ্বল, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সুমন দেবনাথ, অমিত চৌধুরী, তাপস কুমার নন্দী, শ্রীপ্রকাশ দাশ অসিত, রত্নাকর দাশ টুনু, চন্দন দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, শিবু প্রসাদ দত্ত, রবিশংকর আচার্য্য, আশীষ চৌধুরী, সঞ্জীব বৈদ্য প্রমুখ।

তিনদিনব্যাপী উৎসবে ১৫০টি বিভিন্ন মঠ-মন্দির ও অনাথ আশ্রমে এক বস্তা চাল ও নগদ অর্থ, ৫০০ জন হতদরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী এবং ২০০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।