Site icon CPLUSBD.COM

করোনা থেকে মুক্তি পেতে বৃহত্তর চট্টগ্রামের ঘরে মসজিদে রাতে একযোগে দেয়া হলো আজান, রাজপথে হলো জিকির মিছিল

চট্টগ্রাম থেকে টেকনাফ বৃহত্তর চট্টগ্রামের গ্রাম ও শহরের ঘরে ও মসজিদে একযোগে ধ্বনিত হয়েছে করোনা মুক্তির আজান। বৃহস্পতিবার রাত ১০টায় দেয়া এই আজানের ধ্বনিতে মুখর হয়ে উঠে নিস্তব্দ চট্টগ্রাম।  একই সাথে আজানের পরপরই আগ্রাবাদসহ নগরীর বিভিন্ন এলাকায় বেরহয় আল্লাহু আকবর ধ্বনির জিকির মিছিল।

চট্টগ্রাম নগরীর আশকার দিঘীর পাড়, এনায়েতবাজার,  পাথরঘাটা, পশ্চিম মাদারবাড়ি, মোগলটুলী, কাটা বটগাছ এলাকা, আগ্রাবাদ, হাজীপাড়া, চৌহমুনী ও কর্ণফুলীসহ বিভিন্ন এলাকায় রাত ১০টায় এ  আজান শোনা গেছে । আবার নগরীর বাইরে পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ, রাঙ্গুনিয়া, সাতকানিয়া বাঁশখালীসহ বিভিন্ন উপজেলা সদর ও গ্রামগুলোতেও দেয়া হয় করোনা মুক্তির আজান।

কক্সবাজার টেকনাফেও একই সময়ে আজান দেয়া হয় বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা।

এ ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মুখপাত্র মোছাহেব উদ্দিন বকতিয়ার  বলেন, রাতে সব জায়গায় আজান হয়েছে আমিও শুনেছি। সেটি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিদ্ধান্ত ছিল না। এটি ফেসবুকের মাধ্যমে ছড়ানো হয়েছে।

তবে তিনি বলেন, আযান দেওয়া ভালো। বলা মসিবত থেকে রক্ষার জন্য ইসলামে আজান দেওয়ার বিধান রয়েছে।

এদিকে  ইসলামী ছাত্রসেনার পক্ষে কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো মাছুমুর রশিদ কাদেরী কর্মসূচিটি তাদের নিজেদের দাবি করে বলেন, ‘এটি মূলত আামাদের দলীয় কর্মসূচি। পরে তা আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই সমর্থন করেছেন। করোনা থেকে মুক্তি পেতে রাত দশটায় একযোগে আযান কর্মসূচি পালন করেন।’