Site icon CPLUSBD.COM

করোনা নিয়ে গুজব: সাতকানিয়া পৌরসভার প্রকৌশলী আটক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ফেসবুকের মাধ্যমে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আবু বক্কর রেজা নামে এক প্রকৌশলীকে আটক করেছে পুলিশ।

আটক আবু বকর রেজা সাতকানিয়া পৌরসভায় উপ-সহকারী প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন লোকমুখে শুনে তিনি ফেসবুকে এই পোস্ট দিয়েছিলেন।

শুক্রবার সন্ধ্যায় বোয়ালখালী থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম।

পুলিশ জানায়, শুক্রবার প্রকৌশলী আবু বক্কর রেজা তার ফেসবুক আইডি থেকে ‘চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত’ উল্লেখ করে একটি পোস্ট দেন। কিন্তু নানাভাবে অনুসন্ধান চালিয়ে করোনাভাইরাস আক্রান্ত রোগীর কোনো অস্তিত্ব পায়নি পুলিশ।

প্রকৌশলী আবু বক্কর রেজার এই পোস্ট নিয়ে স্থানীয়ভাবে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে রোগ সংক্রমণ প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বোয়ালখালী থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম।

করোনাভাইরাস নিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে চট্টগ্রামে এই প্রথম কাউকে আইনের আওতায় আনা হল। অবশ্য গত কয়েকদিন ধরেই করোনাভাইরাস নিয়ে আতঙ্ক না ছড়াতে সরকারি বিভিন্ন দফতর থেকে প্রচারণা চালানো হচ্ছিল।