Site icon CPLUSBD.COM

করোনা নিয়ে মুসলিম বিদ্বেষ: আরব আমিরাতে চাকরিচ্যুত হচ্ছে ভারতীয়রা

সিপ্লাস ডেস্ক: করোনা নিয়ে মুসলিম বিদ্বেষের অভিযোগে আরও তিন ভারতীয় নাগরিকের চাকরি গেল আরব আমিরাতে। ভারতে করোনা সংক্রমণের জন্য মুসলিমদের দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণা ছড়াচ্ছিলেন তারা।

রবিবার ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, মুসলিম বিদ্বেষ ছড়িয়ে পোস্ট দিয়ে এখন পর্যন্ত ৯ জনের মতো ভারতীয় প্রবাসীকে চাকুরিচ্যুত করা হয়েছে দেশটিতে।

সর্বশেষ চাকরিচ্যুতরা হলেন শেফ রাওয়াত রোহিত, স্টোরকিপার শচীন কিনিগোলি এবং আরেকজন নগদ রক্ষাকারী, যার নাম জানা যায়নি।

এর মধ্যে রাওয়াত রোহিত কাজ করতেন দুবাইয়ের আজাদিয়া গ্রুপে। ইতালি ভিত্তিক চেইন রেস্টুরেন্ট চালায় এই ব্যবসায়িক গ্রুপটি। শারজাহর কোম্পানি নিউমিক্স অটোমেশন গ্রুপে চাকরি করতেন  শচীন কিনিগোলি। আরেকজন দুবাই ভিত্তিক ট্রান্সগ্রুপের কর্মী ছিলেন। তিনটি কোম্পানিই এই চাকরিচ্যুতের ঘটনা নিশ্চিত করেছে।

দিল্লিতে তাবলীগের প্রধান কেন্দ্র থেকে করোনা সংক্রমণের ঘটনায় ভারতে মুসলিম বিদ্বেষে মেতে উঠে উগ্রপন্থীরা। এমনকি দেশটির কিছু সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধেও মুসলিম বিদ্বেষের অভিযোগ উঠে।

মধ্যপ্রাচ্যেও প্রবাসী ভারতীয়দের মধ্যে সেই বিদ্বেষ ছড়িয়ে পড়ে। ওমান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত অনেক ভারতীয় সামাজিক মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য প্রকাশ করছিল। এতে মধ্যপ্রাচ্যের বিশিষ্টজন থেকে শুরু করে সাধারণ নাগরিকেরা ক্ষোভ প্রকাশ করে।

আমিরাতের শাসকগোষ্ঠীর প্রভাবশালী নারী প্রিন্সেস হেন্দ আল-কাসিমিও সরব হয়ে উঠেন ভারতে মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে। এর জন্য কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

এক পর্যায়ে এপ্রিলের ২০ তারিখ আরব আমিরাতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পবন কাপুর প্রবাসী ভারতীয়দের প্রতি সতর্ক করে দেন এবং বিদ্বেষমূলক আচরণ থেকে বিরত থাকতে আহ্বান জানান।

এরপরেও প্রবাসী ভারতীয়দের অনেকে মুসলিম বিদ্বেষ চালিয়ে আসছিলেন। এতে সর্বশেষ এই চাকরিচ্যুতির ঘটনা ঘটলো। গত মাসে শারজাহের ভারতীয় প্রবাসী ব্যবসায়ী সোহান রায় মুসলিম বিদ্বেষের কারণে ক্ষমা চান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মুসলিমদের কটাক্ষ করে কবিতা লিখেছিলেন।