মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার কালারমারছড়া এসপিএম প্রকল্পে কর্মরত ক্যান্সার আক্রান্ত এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানাগেছে। কয়েকদিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫ এপ্রিল তিনি মারা যান। এদিকে এই চীনা শ্রমিকের মৃত্যুর খবর উপজেলার বিভিন্ন এলাকায় জানাজানি হলে তিনি করোনায় মারা গেছেন বলে সর্বত্র গুজব ছড়িয়ে পড়ে। এতে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে তিনি ক্যান্সারের মারা গেছেন বলে নিশ্চিত করেছেন কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ।
জানাগেছে, কালারমারছড়ার সোনারপাড়ায় চলমান এসপিএম প্রকল্পে প্রায় দুই বছর কর্মরত রয়েছেন ওই চীনা শ্রমিক। তবে বিগত এক বছরের মধ্যে তিনি কোথাও যাননি। বিগত প্রায় দুই মাস আগ থেকে অসুস্থ বোধ করছিলেন। এক পর্যায়ে অসুস্থতা বেড়ে গেলে সপ্তাহখানেক আগে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। সেখানে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং করোনা সন্দেহে করোনা পরীক্ষা করানো হয়। তবে তার শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। শেষে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসারা জানিয়েছেন ওই শ্রমিক ক্যান্সার আক্রান্ত ছিলেন।
ওই শ্রমিকের এক সহকর্মী জানান, ওই চীনা শ্রমিক মাদকাসক্ত ছিলেন। তিনি অতিরিক্ত মদ পান করতেন। সে কারণে তার ক্যান্সার হয়েছে সবাই ধারণা করছেন।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, ওই শ্রমিকের মৃত্যুর খবর জানার পর কালারমারছড়ায় তার কর্মস্থলে তদন্তে যায় পুলিশ। তার সহকর্মীদের কাছ থেকে তার বিস্তারিত তথ্য নেয়া হয়েছে।
অন্যদিকে মেডিকেল রিপোর্টের তার শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। সেই মেডিকেল রিপোর্টটি থানায় এসেছে।








