নিউজটি শেয়ার করুন

করোনা পজিটিভ আসার রাতেই বায়তুশ শরফ পীরের সংস্পর্শে গিয়েছিলেন রাউজানের চেয়ারম্যান বাবুল

সিপ্লাস প্রতিবেদক: করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট পাওয়ার কয়েকঘন্টা আগে রাউজানের উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল বায়তুশ শরফের পীর মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দীনের সংস্পর্শে ছিলেন।

মঙ্গলবার (১৯ মে) রাতে নগরীর একটি হাসপাতালে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে চিকিৎসাধীন মাওলানা কুতুব উদ্দীনকে মাস্ক ও গ্লাভস ছাড়াই তিনি দেখতে যান। পায়ে ধরে সালাম করে হুজুরের কাছে দোয়া চান।

দেখতে যাওয়ার কয়েক ঘন্টা পর নমুনা পরীক্ষার রিপোর্টে এহসানুল হায়দায় চৌধুরী বাবুলের করোনা পজিটিভ আসে।

বিভিন্ন সূত্রের পাশাপাশি মঙ্গলবার রাতে সাংস্কৃতিক কর্মী মোহাম্মদ সাজ্জাদ হোসেনের ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘করোনা পজিটিভ রুগী (এহসানুল হক বাবুল) মাস্ক ও গ্লাভস ছাড়া মেট্রোপলিটন হসপিটালে আইসিইউতে ঢুকে বাইতুশ শরফের পীর মাওলানা কুতুবউদ্দিন সাহেবকে দেখে আসলেন আজ সন্ধ্যায়। ‘

এদিকে মঙ্গলবার রাতেই আইসিইউযুক্ত অ্যাম্বুলেন্সের মাধ্যমে মাওলানা কুতুব উদ্দীনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।