রাঙামাটি প্রতিনিধি: করোনা মোকাবেলায় ঘরে অবস্থান করা আয় বঞ্চিত কর্মহীন মানুষের পাশে দাড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ব্যবসায়ি মঈন সেলিম। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিন গড়ে ৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। “করোনাকে ভয় নয়,সচেতনতায় করবো জয়” প্রতিপাদ্যে প্রয়াত আলহাজ্ব ইউছুফ আলী কোম্পানি পরিবারের উদ্যোগে এই দুর্যোগপূর্ন পরিস্থিতিতে রাঙামাটি শহরে কর্মহীন হয়ে পরা এসব পরিবারদের এই খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন হাজী ইউছুপ আলী কোম্পানীর সন্তান ব্যবসায়ি মঈন উদ্দিন সেলিম। শুক্রবার এই কর্মসূচীর উদ্বোধন করেছেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুনছুর আলী, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার মিয়া বানু প্রমূখ। ত্রান বিতরণ অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করে রাঙামাটির সড়ক ও নৌ পরিবহন সেক্টরসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্ণধার ব্যবসায়ি মঈন উদ্দিন সেলিম বলেন, সারাদেশের ন্যায় রাঙামাটিতেও অঘোষিত লকডাউন এবং করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কে নিজ নিজ গৃহে অবস্থান নেওয়ার কারনে কর্মহীন হয়ে পড়ছে স্বল্প আয়ের মানুষেরা। এদের মধ্যে সবচেয়ে বেশি অসহায় হলো প্রতিবন্ধী ও কর্মক্ষম বৃদ্ধ মানুষেরা। করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য সবাই যাতে সরকারি নির্দেশনা মেনে চলতে পারে এবং একারনে অসহায় মানুষগুলোকে খাবারের কষ্ট না পেতে হয়,সেকারণেই আমি সম্পূর্ন ব্যক্তিগত উদ্যোগে এই খাদ্য সহয়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ আমি বেঁেচ থাকলে করোনা ভাইরাস মোকাবেলায় যতদিন কর্মহীন মানুষ ঘরে থাকবে, ততদিন-ই আমি এই খাদ্য সহায়তা দিয়ে যাবো। রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে বাছাই করা দুঃস্থ পরিবারগুলোকে এই খাদ্য সহায়তার আওতায় আনা হবে। সমাজে যারা বিত্তবান রয়েছেন তাদেরকেও এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন তিনি।
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিন ৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার ঘোষণা রাঙামাটির ব্যবসায়ীর

