Site icon CPLUSBD.COM

করোনা ভাইরাসের কারনে বড় গণজমায়েত না হলেও মুজিববর্ষের অনুষ্ঠান ১৭ মার্চেই, তবে থাকছে নতুনত্ব

চলতি মাসের ১৭ তারিখেই অনুষ্ঠিত হবে মুজিববর্ষের অনুষ্ঠান। ওইদিন মুজিববর্ষের অনুষ্ঠান ভিডিও-এর মাধ্যমে দেশ ও দেশের বাইরে সংযোগ থাকবে।

মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে ‘মুজিববর্ষ বাস্তবায়ন আন্তর্জাতিক উপকমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা জানান। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত ওই দিনেই আমাদের অনুষ্ঠান হবে। এ ক্ষেত্রে আমাদের অনুষ্ঠানমালার সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সেদিন আমাদের বড় কোনো গণজমায়েতের চিন্তা নেই,তবে ডিজিটালাইজেশনের মাধ্যমে বিশ্ববাসীর সঙ্গে অনুষ্ঠান সংযোগ থাকবে। আমাদের অনুষ্ঠানের মধ্যে আরও ছিল ২২ ও ২৩ মার্চ সংসদে বিশেষ অধিবেশন, ২০ মার্চ শিশুদের সঙ্গীত, ২৬ মার্চ, ২৭ মার্চ অতিথিদের নিয়ে অনুষ্ঠান, তবে সবগুলোই জনসমাগম এড়িয়ে করা হবে। অনুষ্ঠানে থাকবে রক্তদান, মিলাদ মাহফিল, রাষ্ট্রপতির বাণী, প্রধানমন্ত্রীর বক্তব্য, শেখ রেহানার শুভেচ্ছা বক্তব্য।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা জানিয়েছেন,আমরা খুব ভাগ্যবান বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়ায় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী পালন করার সুযোগ এসেছে। তারা নিশ্চয়ই চান বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান হোক।

যেহেতু দেশে করোনা ভাইরাস নিয়ে অতঙ্কতা, এমনই একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই বঙ্গবন্ধুর দুই কন্যা কমিটির ওপর ছেড়ে দিয়েছেন কী করা হবে। তখন কমিটির সবাই বললেন, আমরা ১৭ মার্চ উদযাপন করব। তবে  বঙ্গবন্ধু চেয়েছেন মানুষের যেন কোনো অমঙ্গল না হয়, তার কন্যারাও চান কেউ যেন করোনাভাইরাসের ঝুঁকিতে না পড়ে। সে জন্য আমরা সিদ্ধান্ত নিলাম জনসমাগম এড়িয়ে চলব। এ ছাড়া দেশে করোনার প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী দেশের কর্মকর্তাদের বিদেশ সফর থেকে বিরত থাকার পরামর্শ দেন।