সিপ্লাস ডেস্ক: কোভিড-১৯ মহামারীর বিস্তার ঠেকাতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের মেয়াদ ৭ মে পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জানান, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (শিডিউল প্যাসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে বিমান চলাচলে নিষেধাজ্ঞা ৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
তিনি বলেন, আগের মতোই বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদিআরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকেসহ মোট ১৬টি দেশের সাথে বিদ্যমান বিমান চলাচল রুটের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
“একইসঙ্গে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রেও বিমান চলাচল নিষেধাজ্ঞা আগামী ৭ পর্যন্ত কার্যকর থাকবে।”
তবে কার্গো, ত্রাণসাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলাচল হয় এমন ১৭টি দেশের মধ্যে এখন শুধু চীনের সঙ্গেই প্যাসেঞ্জার ফ্লাইট চলছে বলে তিনি জানান।
তার আগে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা ৭ এপ্রিল থেকে বাড়িয়ে ১৪ এপ্রিল করার পর ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল।








