নিউজটি শেয়ার করুন

করোনা রোগীদের ডাক্তারের সহযোগী হয়ে সেবা দিতে চান এমপি কমল

দেশের এ সংকট মূহুর্তে কক্সবাজারে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হাসপাতালে ডাক্তারের সহযোগী হয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। রোগীদের চিকিৎসা দিতে কতিপয় ডাক্তার ও নার্সদের ভয়কে জয় করতে ও মনোবল বৃদ্ধি করতে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে সাইমুম সরওয়ার কমল এমপি সিপ্লাসকে বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতালে ডাক্তারদের সহকারি হিসেবে সাথে থেকে রোগীদের সেবায় নিয়োজিত থাকতে চাই। আমার উপস্থিতির কারনে চিকিৎসক, নার্স, রোগীদের মনোবল বৃদ্ধি ও সাহস যোগাবে বলে মনে করি। করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে এ ভাইরাস সংক্রমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, মরণব্যাধী করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ কক্সবাজার ও রামুতে আইসোলেশন ও কোয়েরেন্টাইন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জেলায় প্রয়োজনীয় ইউনিট, চিকিৎসক, নার্স, চিকিৎসা সামগ্রী ও মাস্ক-পিপিই মজুদ রাখার পাশাপাশি বিকল্প হিসেবে আবাসিক হোটেল, স্টেডিয়াম, আশ্রয়ন কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। তিনি বিদেশ থেকে যারা আসছেন তাদেরকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগ ঘোষিত সকল নিয়ম মেনে চলার আহবান জানিয়ে সাইমুম সরওয়ার কমল এমপি মহান আল্লাহর দরবারে কক্সবাজার-রামুসহ দেশবাসীর সু-স্বাস্থ্য কামনা করেছেন। এদিকে এমপি কমলের সাহসী এ সিদ্ধান্তের কথা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইতিমধ্যে আলোচনার ঝড় সৃষ্টি হয়েছে। সচেতন মহল এমপি কমলের মহতী এ উদ্যোগ ও সাহসী সিদ্বান্তকে মানবতার আরেক দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন।