নিউজটি শেয়ার করুন

করোনা সংকটে নিম্ন আয়ের মানুষের পাশে থাকতে ব্যারিস্টার আনিসের আহ্বান

হাটহাজারী প্রতিনিধিঃ করোনা ভাইরাস বাংলাদেশসহ সারা বিশ্বে কমবেশি অর্থনীতির উপরে আঘাত এনেছে। ব্যবসায়ী, চাকরিজীবী ও খেটে খাওয়া মানুষসহ গৃহবন্দি হয়ে পড়েছে সবাই। সবচেয়ে অর্থকষ্ট ও খাদ্যের সমস্যায় পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
এই সময় সরকারের পাশাপাশি সাধারণ মানুষও তাদের সাহায্যে এগিয়ে এসেছে। হাটহাজারীতে সরকারি-বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে আজ পর্যন্ত প্রায় ২৬ হাজার পরিবারকে ত্রাণ দিয়েছে বলে জানিয়েছেন হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
শনিবার ১১ এপ্রিল নিজ অর্থায়নে দ্বিতীয় ধাপে হাটহাজারী উপজেলার ১৪টি ইউনিয়ন,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং পাহাড়তলী ও জালালাবাদ ওয়ার্ডে আড়াই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার সময় সাংবাদিকদের এই কথা বলেন এমপি ব্যারিস্টার আনিস।
তিনি আরো বলেন, প্রথমদিকে মানুষ ত্রাণসামগ্রী দিলেও এখন কিন্তু আস্তে আস্তে অনেক কমে গেছে। সামনে আসছে রমজান মাস আমাদেরকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে, সেজন্য আমি এখন খাদ্য সামগ্রী গুলো বিতরণ করছি। এই দুর্দিনে যে যেভাবে পারে সে যেন এগিয়ে আসে, আল্লাহ পাক রাব্বুল আলামীন এই সময় আমাদেরকে পরীক্ষা করছেন। ত্রাণ বিতরণ করার সময় আরো উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী, ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম, এমপির ব্যক্তিগত সহকারী সৈয়দ মনজুর আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নং পাহাড়তলী ওয়ার্ডের আলহাজ্ব তৌফিকুল আলম চৌধুরীর কার্যালয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেন এমপি। উল্লেখ্য,গত ২ এপ্রিল ১ম পর্যায়ে ৮’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ছিলেন এমপি। রমজান মাসের প্রথম দিকে আরো প্রায় ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি।